সাতকানিয়া থানার ওসি প্রত্যাহার প্রতিবাদে ছাত্র জনতার মহাসড়ক অবরোধ

বিভাগীয় প্রতিবেদক। | সেপ্টে ৩০, ২০২৫ | ১০:০৯
ছবি: প্রতিবেদক।

সাতকানিয়া প্রতিনিধিঃ
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলামকে প্রত্যাহারের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার কেরানীহাট এলাকায় এ অবরোধ কর্মসুচি পালিত হয়। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
পরে অবরোধকারীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
অবরোধকারীরা জানান, বর্তমান ওসি সাতকানিয়া থানায় যোগদানের পর থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর প্রত্যাহারের সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ। তারা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে ওসিকে পুনর্বহালের দাবি জানান।
অবরোধে অংশ নেয়া মো. রাব্বি ও কলিম উদ্দিন বলেন, বিষয়টি মীমাংসার জন্য ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা আমাদের কাছ থেকে আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত সময় নিয়েছেন। ওই সময় পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত থাকবে। যদি আমাদের দাবি মানা না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেব।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম বলেন, সাতকানিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কেন প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে আমি অবগত নই।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন সাতকানিয়া থানার মো. জাহেদুল ইসলাম। একই সঙ্গে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী থানা হিসেবে স্বীকৃতি লাভ করে সাতকানিয়া। চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসেঅনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তার হাতে শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার তুলে দেন।

ট্যাগঃ

সূত্র: ইন্টারনেট।